আবদীন ব্রাদার্স ফুটবল লীগ’২০১৩ ॥ মরহুম সাদ স্মরণে নিরবতা পালন - ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রাদার্স এলায়েন্স জয়ী ॥ দু’টি খেলা ড্র
খেলাধুলা
মঙ্গলবার, 21 মে 2013 17:06
সালাহউদ্দিন আহমেদ (ইউএনএ): হ-বাংলা নিউজ : নিউইয়র্ক থেকে : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত আবদীন ব্রাদার্স ফুটবল লীগ’২০১৩ এর দ্বিতীয় দিনের খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স (বি) স্ব স্ব খেলায় জয়ী হয়েছে। অপরদিকে দিনের আর দু’টি খেলা ড্র হয়েছে। প্রতিকুল পরিবেশ আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে খেলাগুলো অনুষ্ঠিত হওয়ায় সকল দলের খেলোয়ারদেরকে খেলতে বেশ বেগ পেতে হয় এবং অনেকেই স্বাভাবিক খেলা উপহার দিতে পারেননি।

এছাড়া এদিন প্রতিটি খেলায় একধিক ফাইলের ঘটনা ঘটে। ফলে সকল দলেরই একাধিক খেলোয়ার হলুদ কার্ড পায়। এদিকের্ বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত মরহুম সোহাগ উদ্দিন সাদ-এর বিদেহী আত্বার শান্তি কামনা করে খেলার মাঠে এক মিনিট নিরবতা পালন করা হয়। খবর ইউএনএ’র।
সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে গত ১৯ মে রোববার অপরাহ্নে লীগের মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের খেলাগুলোর মধ্যে ব্রঙ্কস ওয়ারিয়র ও নিউজার্সী এবং ব্রাদার্স এলায়েন্স (এ) ও আইসাব’র মধ্যকার খেলা দু’টি ড্র হয়। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে যুব সংঘকে এবং ব্রাদার্স এলায়েন্স (বি) ২-০ গোলে সোনার বাংলা দলকে পরাজিত করেছে।

দিনের প্রথম খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও নিউজার্সী অংশ নেয়। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলাটি গোল শূন্য ড্র হয়।
লীগের দ্বিতীয় খেলায় যুব সংঘ ও ব্রঙ্কস ইউনাইটেড একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। এই খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে জয়ী হয়। বিজয়ী দলের পক্ষে খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের সময় কফিল প্রথম গোল করে দলকে এগিয়ে নেয় (১-০)। এরপর এই অর্ধের ২৫ মিনিটের সময় সামি দলের পক্ষে দ্বিতীয় গোল করে ব্রঙ্কস ইউনাইটেডের জয় নিশ্চিত করে (২-০)। খেলার দ্বিতীয়ার্ধে কোন দলই গোল করতে পারেনি।

দিনের তৃতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স (এ) ও আইসাব দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ এই খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধের ২৬ মিনিটের সময় কর্ণার কিক থেকে পাওয়া বলে নয়ন প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। খেলার দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের সময় সংঘবদ্ধ আক্রমন থেকে পাওয়া বলে আইসাব-এর মিলাদ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে (১-১)। পরবর্তীতে উভয় দল আক্রমন পাল্টা আক্রমন চালালেও শেষ পর্যন্ত আর কোন গোল হয়নি। এই খেলাটি ছিলো বেশ উপভোগ্য।
দিনের চতুর্থ ও শেষ খেলায় ব্রাদার্স এলায়েন্স (বি) ও সোনার বাংলা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ব্রাদার্স এলায়েন্স ২-০ গোলে জয়ী হয়। খেলার প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় ব্রাদার্সের দলের নাসির প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। পরবর্তীতে গোল পরিশোধের জন্য সোনার বাংলা মরিয়া হয়ে উঠলেও কোন গোল করতে ব্যর্থ হয় এবং খেলার শেষ মুহুর্তে ব্রাদার্সেও আশরাফ একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন (২-০)।

লীগের তৃতীয় খেলা শুরুর পূর্বে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এবং কমিউনিটির পরিচিত মুখ সদ্য প্রয়াত মরহুম সোহাগ উদ্দিন সাদ-এর বিদেহী আত্বার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ ও কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন সহ অন্যান্য কর্মকর্তা, রেফারী ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
লীগের পরবর্তী খেলা: লীগের পরবর্তী খেলা আগামী ২ জুন রোববার বিকেল তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। ঐদিনও লীগের চারটি খেলা অনুষ্ঠিত হবে। খেলায় যুব সংঘ ও ব্রাদার্স এলায়েন্স (বি), ব্রঙ্কস ওয়ারিয়র ও আইসাব, সোনার বাংলা ও স্ট্যাম্পফোর্ড সি.টি.জি ইউনাইটেড এবং ব্রাদার্স এলায়েন্স (এ) ও জ্যাকসন হাইটস একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

খেলাগুলো পরিচালনা করেন তিন আমেরিকান রেফারী অস্কার, এডওয়ার্ড ও পেড্রো।
উল্লেখ্য, চলতি বছরের ফুটবল লীগে নিউইয়র্কসহ নিউজার্সী ও কানেকটিকাট অঙ্গরাজ্যে থেকে ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- ব্রঙ্কস ইউনাইটেড, স্ট্যাম্পফোর্ট সি.টি.জি ইউনাইটেড, নিউজার্সী, আইসাব, সোনার বাংলা, যুব সংঘ, ব্রঙ্কস ওয়ারিয়র, জ্যাকসন হাইটস, বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স (এ), বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স (বি)।