বাংলাদেশের ম্যাজিক আইকন আলীরাজ - অলিম্পিক মশাল রিলে অনুষ্ঠানে অনবদ্য পারফরমেন্স
খেলাধুলা
শুক্রবার, 03 আগস্ট 2012 16:22
বাপ্স নিউজ : সম্প্রতি, বাংলাদেশের ম্যাজিক আইকন আলীরাজ লন্ডনের নিউহ্যামে অলিম্পিক মশাল রিলে অনুষ্ঠানে ১টি ম্যাজিক শো’ তে অংশগ্রহণ করেন, যেখানে অলিম্পিক মশালকে উষ্ণ অভিবাদন জানিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের খ্যাতনামা সব ম্যাজিশিয়ানরা তাদের দেশ ও জাতীয় এতিহ্যবাহী পারফরমেন্স দেখান। সফলতার সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণের পর আলীরাজ হ্যামেল হ্যামস্টিডের হোটেল রোজ গার্ডেনে আরো ২টি শো করেন। এ উপলক্ষে লন্ডনের নিউহ্যামের মাননীয় কাউন্সিলর আয়েস সি. আলীরাজকে যাদুশিল্পে তার অবদান, এবং অলিম্পিক মশাল রিলে অনুষ্ঠানে অনবদ্য পারফরমেন্স-এর জন্য ‘মেডেল অফ ওনার’ প্রদান করেন বুধবার, ২৫ জুলাই ২০১২।

ছবিতে দেখা যাচ্ছে, লন্ডনের নিউহ্যামে অলিম্পিক মশাল রিলে অনুষ্ঠানে আলীরাজ’ কে ষ্ট্রিট শো প্রদর্শন করতে
তিনি সম্প্রতি এফআইএসএম (বাংলাদেশ)-এর সভাপতি মনোনীত হয়েছেন। তার এই অনন্য কৃতিত্ব ম্যাজিশিয়ান্স সোসাইটি অফ বাংলাদেশ (এমএসবি)’র জন্য বয়ে এনেছে এক অভূতপূর্ব সম্মান। এই বছরের এফআইএসএম মিটিংয়ে, এমএসবি ম্যাজিক শিল্পে তার অভূতপূর্ব নৈপুণ্য ও শিল্পসম্মত ম্যাজিক প্রদর্শনের জন্য পেয়েছে স্বীকৃতি। এফআইএসএম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অফ ম্যাজিক, যা অলিম্পিক অফ ম্যাজিক নামেই পরিচিত, তা’ প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর এটি অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের ব্ল্যাকপুলে ৯ জুলাই হতে ১৪ জুলাই ২০১২ পর্যন্ত।
আলীরাজ বর্তমানে বাংলাদেশের ম্যাজিশিয়ানদের পৃখিবীর বিভিন্ন নামকরা অনুষ্ঠানে তাদের যোগ্যতা ও যাদুর শিল্প নৈপুন্য তুলে ধরার জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা ও নিরলস উদ্যোগ গ্রহণের কথা জানান। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, আগামী ২০১৫ সালে ইতালীতে অনুষ্ঠিতব্য পরবর্তী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অফ ম্যাজিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন।